নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়কদের শপথ নেওয়ার অনুষ্ঠানেই ইতিহাস গড়ছে জঙ্গলমহল। কুড়মালি ভাষায় এই প্রথম শপথ নেবেন জঙ্গলমহলে বিজেপির ৫ কুড়মি জনজাতির বিধায়ক পুরুলিয়ার জয়পুরের বিশ্বজিৎ মাহাতো, বলরামপুরের জলধর মাহাতো, বাঘমুন্ডির রহিদাস মাহাতো, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের রাজেশ মাহাতো ও পশ্চিম মেদিনীপুরের শালবনির বিমান মাহাতো।
তবে বিষয়টা ততটা সহজ ছিলো না।
বিধানসভায় ছিলো না কুড়মালি অনুবাদক। ফলে ওই বিধায়কদের কুড়মালি ভাষায় শপথ নেওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। বিধায়কদের
বিধানসভার সচিবালয় থেকে জানিয়ে দেওয়া হয় শপথ পাঠের ভাষা বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু ও সাঁওতালি ভাষার মধ্যেই নির্বাচন করতে হবে।
আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, "তৃণমূল সরকার ২০১৮ সালে বিজ্ঞপ্তি জারি করে কুড়মালি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। অথচ বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার অনুবাদকই ছিলো না! এতে তো সরকারি আদেশনামা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।"
কুড়মি বিধায়কদের আবেগকে মর্যাদা দিয়ে সচিবালয় কুড়মালি অনুবাদকের ব্যবস্থা করেছে বলে জানালেন শালবনির বিধায়ক বিমান মাহাতো। তিনি বলেন, " এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় কুড়মালিতে শপথ গ্রহণ করবেন বিধায়করা। এটা ঐতিহাসিক। "