নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
বেপরোয়া পথচলতি যানবাহনের গতির মাশুল দিল আরও এক তাজা প্রাণ। পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার সড়বড়ি গ্রামের বছর ১৫-র কিশোর শিবশঙ্কর বাউরির নির্মম পরিণতিতে রবিবার সকালে এলাকা জুড়ে দেখা দিল তীব্র ক্ষোভ। নিতুড়িয়া থেকে ঝাড়খণ্ডগামী পাঞ্চেত রোডে একটি দ্রুতগামী লরির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র।
এই ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাগ্রস্থ সড়কেই মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় নিতুড়িয়া ও সাঁতুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয়দের স্পষ্ট দাবি,অবিলম্বে ঘাতক চালককে গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনাপ্রবণ ওই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্থায়ী পদক্ষেপ জরুরি।
অসহায় পরিবারটিকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
বিক্ষোভের জেরে পাঞ্চেত রোডের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচলতি মানুষ। পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।