পর্যটন ব্লক

পর্যটকদের সুবিধায় পুরুলিয়া পুলিশের ২৪ ঘন্টা ট্যুরিস্ট হেল্পলাইন

পুরুলিয়া জেলা পুলিশ সুপার কুমার শানি রাজ এক সাংবাদিক সম্মেলনে জানান, "পর্যটকদের সুবিধার্থে ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর চালুর পাশাপাশি মোট পাঁচটি প্রধান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে"।
পর্যটকদের সুবিধায় পুরুলিয়া পুলিশের ২৪ ঘন্টা ট্যুরিস্ট হেল্পলাইন

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:


আগামী পর্যটন মরসুমকে সামনে রেখে পর্যটকদের সুরক্ষা ও সহায়তায় এক গুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে পুরুলিয়া জেলা পুলিশ।

পুরুলিয়া জেলা পুলিশ সুপার কুমার  শানি রাজ এক সাংবাদিক সম্মেলনে জানান, "পর্যটকদের সুবিধার্থে ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর চালুর পাশাপাশি মোট পাঁচটি প্রধান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে"।

সম্প্রতি বলরামপুরে পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে জেলা প্রশাসন,  সাংসদ ও বিধায়কদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মডেল অনুসরণ করে জেলা পুলিশ আগামী অক্টোবর মাস থেকেই এই পরিষেবাগুলি পূর্ণাঙ্গভাবে কার্যকর করছে।

পর্যটকদের সুরক্ষায় পুরুলিয়া পুলিশের ৫ দফা পদক্ষেপ :
▪️পর্যটকদের যে কোনো জরুরি সহায়তায় ২৪ ঘণ্টা চালু থাকবে বিশেষ হেল্পলাইন নম্বর।  অযোধ্যা পাহাড়ের সমস্ত হোটেল ও লজে এই নম্বরটি দৃশ্যমানভাবে পোস্টার আকারে টাঙানোর কাজ শুরু হয়েছে।

▪️পুরুলিয়া পুলিশের নিজস্ব 'সহায়' অ্যাপটিকে আরও শক্তিশালী করা হয়েছে, যাতে একসাথে আরও বেশি সংখ্যক মানুষের কল বা সহায়তার অনুরোধ দ্রুত গ্রহণ ও সমাধান করা যায়।

▪️পাহাড়ি ও দুর্গম পথগুলোতে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ বাহিনী হিরো এক্সপালস বাইক নিয়ে সর্বক্ষণ  নজরদারি ও মার্শালিং চালাবে।

▪️পাহাড়ের ওঠা-নামার পথসহ প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে আগামী দুই সপ্তাহের মধ্যে পুলিশি সহায়তা বুথ গড়ে তোলা হবে। যেকোনো জিজ্ঞাসা বা সমস্যায় পর্যটকরা সরাসরি এই বুথগুলো থেকে সাহায্য পাবেন।

▪️নিয়ম মেনে হোটেল ও লজগুলোতে আগত অতিথিদের তথ্য ও ছবি সঠিকভাবে নথিভুক্ত রাখা হচ্ছে কি না, পুলিশ তা কড়াভাবে নজরদারি করবে।


জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত পুরুলিয়ায় পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় থাকে। তাই পর্যটনকে আরও সুগম ও নিরাপদ করতে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে। বিস্তারিত সমস্ত তথ্য শীঘ্রই পুরুলিয়া জেলা পুলিশের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ ও মাধ্যমে প্রকাশ করা হবে।