নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার এক অভিনব ও কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুরুলিয়া পুরসভা। আগামী ১লা সেপ্টেম্বর থেকে শহরের যেখানে-সেখানে থুতু বা পানের পিক ফেললে কিংবা যত্রতত্র প্রস্রাব করলে নাগরিকদের গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা।
ইতিমধ্যেই এই বিষয়ে শহরবাসীকে সচেতন করতে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে জোরকদমে মাইকিং শুরু করা হয়েছে।
পুরসভার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আইন অমান্যকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাস্তায় থুতু, গুটখা বা পানের পিক ফেললে সরাসরি ১০০ টাকা জরিমানা। ২০০ টাকা জরিমানা দিতে হবে রাস্তায় বা যত্রতত্র প্রস্রাব করলে।
শহরকে নির্মল ও সুন্দর গড়ে তোলার এই লড়াইয়ে পুরসভার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন 'নির্মল সাথী'র সদস্যরা। পুরুলিয়া শহরের প্রতিটি মোড়ে, জনবহুল এলাকায় এবং ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন তাঁরা। মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে, শহরকে নোংরা করার দিন শেষ। এবার থেকে নিয়ম ভাঙলে পকেট থেকেই খেসারত দিতে হবে।
পুরসভা সূত্রের খবর, শহরকে পরিচ্ছন্ন রাখা কেবল পুরসভার একার দায়িত্ব নয়, নাগরিকদেরও সমান সহযোগিতা প্রয়োজন। ১ লা সেপ্টেম্বর থেকে লাগু হচ্ছে জরিমানা।