সাধারণ খবর ক্রাইম ব্লক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তৎপর পুরুলিয়া জেলা পুলিশ

শুক্রবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসকে হাতিয়ার করে সমাজের ছড়িয়ে পড়া মাদকের মরণকামড় রুখতে কঠোর বার্তা নিয়ে রাস্তায় নামল বোরো থানার পুলিশ বাহিনী। এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি মাদকের কারবারিদের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দেওয়া হলো।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তৎপর পুরুলিয়া জেলা পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি, বোরো:

যুবসমাজ ধ্বংসের মুখে তলিয়ে যাওয়ার আগেই লাগাম টানতে মরিয়া প্রশাসন। শুক্রবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসকে হাতিয়ার করে সমাজের  ছড়িয়ে পড়া মাদকের মরণকামড় রুখতে কঠোর বার্তা নিয়ে রাস্তায় নামল বোরো থানার  পুলিশ বাহিনী। এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি মাদকের কারবারিদের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দেওয়া হলো এই কর্মসূচির মাধ্যমে।

এদিন থানার পক্ষ থেকে একটি বিশাল সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।  র‍্যালি থেকে সরাসরি বার্তা দেওয়া হয়‌ নেশামুক্ত সমাজ গঠন  বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।

যুব সমাজকে টার্গেট করে যেভাবে মাদকের জাল বিস্তার করছে অপরাধীরা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানায় পুলিশ । কেবল পুলিশের নজরদারি নয়, মাদক রুখতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার অনুরোধ জানানো হয়। র‍্যালিতে
'মাদককে না বলুন, সুস্থ ও নিরাপদ জীবন গড়ুন' এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি নাগরিকের সুস্থভাবে বাঁচার অধিকারের কথা মনে করিয়ে দেওয়া হয়।

পুলিশ কর্তারা স্পষ্ট জানান, মাদক শুধু একটি জীবন ধ্বংস করে না, একটি গোটা পরিবার এবং সমাজকে পঙ্গু করে দেয়। তাই অপরাধ দমনের পাশাপাশি এই সামাজিক ব্যাধিকে গোড়া থেকে উপড়ে ফেলতেই বোরো থানার এই ধারাবাহিক সচেতনতার প্রয়াস।