নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
বাড়ির লোক বহু খুঁজেও সন্ধান পাননি। গর্ভবতী অবস্থায় ভিনরাজ্য থেকে এসে পথ হারিয়েছিলেন এক মহিলা। অবশেষে ঝালদা থানার পুলিশ ও পুরুলিয়ার মিশন শক্তি 'ওয়ান স্টপ সেন্টার' এর যৌথ উদ্যোগে নিজের পরিবারের কাছে ফিরে গেলেন এক অসহায় মহিলা।
পুলিশ সূত্রের খবর, গত ২৩ তারিখে বাঘমুণ্ডি–ঝালদা রোডের ওপর উদয়সিরু গ্রামে এক মহিলাকে অত্যন্ত অসহায় ও বিভ্রান্তিকর অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত ঝালদা থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে ওই মহিলাকে উদ্ধার করে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানান, উদ্ধার হওয়া ওই মহিলা সাত মাসের অন্তঃসত্ত্বা।
উদ্ধারের পর মানসিক দিক থেকে ভেঙে পড়া ওই মহিলার কাউন্সেলিং শুরু করেন তদন্তকারীরা। কথা বলার চেষ্টা করে তাঁর পরিচয় জানা যায়। জানা যায়, তিনি ছত্তিশগড় রাজ্যের জশপুর জেলার কুনকুড়ি থানা এলাকার বাসিন্দা। কালবিলম্ব না করে ঝালদা পুলিশ ছত্তিশগড়ের কুনকুড়ি থানায় যোগাযোগ করে এবং সেই সূত্রের মাধ্যমে ওই মহিলার পরিবারের সন্ধান মেলে।
ততক্ষণে অন্তঃসত্ত্বা ওই মহিলার নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে পুরুলিয়ার 'ওয়ান স্টপ সেন্টারে তাঁকে নিরাপদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে তাঁকে প্রয়োজনীয় থাকার ব্যবস্থা করে স্বাস্থ্য পরিষেবা ও প্রশাসনিক সুরক্ষা প্রদান করা হয়।
খবর পেয়ে , শুক্রবার পুরুলিয়ার ওয়ান স্টপ সেন্টারে এসে পৌঁছান নিখোঁজ মহিলার ভাই কৃষ্ণা বেসরা। প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাঁর সমস্ত পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি খতিয়ে দেখেন ওয়ান স্টপ সেন্টার ও ঝালদা পুলিশের আধিকারিকরা। তারপর তাকে ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়।
হারানো বোনকে নিরাপদে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে ঝালদা পুলিশ এবং পুরুলিয়া ওয়ান স্টপ সেন্টারের মানবিক উদ্যোগ ও তৎপরতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওই মহিলার পরিবার।