নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ হাবুলাল গোপের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর বিধানসভার আড়শা ব্লকের বেলডি গ্রামে।
স্থানীয় গ্রামবাসীদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও ময়নাতদন্তের রিপোর্টে বজ্রাঘাতে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। কিন্তু গ্রামবাসীদের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন জেলা বিজেপি সভাপতি শংকর মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব।
অন্যদিকে জয়পুর বিধানসভারই আড়শা মণ্ডল ১-এর রাঙামাটি পাটট্যাড় বুথের বুথ সভাপতি সঞ্জয় মাহাতোর অস্বাভাবিক মৃত্যুতেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি। পরিবার সূত্রে ও স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি রহস্যময়। এই ঘটনারও দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
শোকাহত পরিবারের বাড়িতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা শ্রীপতি মাহাত, মণ্ডল সভাপতি সুভাষ মাহালি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
বিজেপি জেলা সভাপতি শংকর মাহাতো বলেন, "ভোটের ফলাফল ঘোষণার পর মাত্র সাত দিনের মধ্যে জয়পুর বিধানসভায় দলের দুই সক্রিয় কর্মীর অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক"। তিনি দাবি করেন, হাবুলাল গোপ ও সঞ্জয় মাহাতো দুজনের মৃত্যুর ক্ষেত্রেই স্থানীয়দের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের। পুলিশ তদন্ত করুক। তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করব।"
এছাড়া শংকর মাহাতো এলাকায় অশান্তি ও সন্ত্রাসের অভিযোগ তুলে সমাজবিরোধীদের সতর্ক করে বলেন, "রাজনৈতিক ছত্রছায়ায় থেকে মানুষকে ভয় দেখানো, তোলাবাজি বা বিজেপি কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় আইনত ব্যবস্থা তো নেওয়া হবেই, সঙ্গে সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেবো।"