সাধারণ খবর ব্লক

অবসরের আবেগে ভাসলেন পুলিশ আধিকারিক ও কর্মীরা

মোট আটজন পুলিশ ও সহায়ক কর্মীকে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক অবসর সংবর্ধনা জানানো হয় পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের কমিউনিটি হলে ।
অবসরের আবেগে ভাসলেন পুলিশ আধিকারিক ও কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


এক গৌরবময় অধ্যায়ের অবসান।  দীর্ঘ এবং গৌরবময় কর্মজীবন শেষে শনিবার  মোট আটজন পুলিশ ও সহায়ক কর্মীকে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে  এক  অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক  অবসর সংবর্ধনা জানানো হয় পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের কমিউনিটি হলে । অবসরপ্রাপ্ত কর্মীদের সততা, নিষ্ঠা এবং বছরের পর বছর ধরে করা অসামান্য সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ঐতিহ্য মেনে শাল, মেডেল, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। বিদায় সংবর্ধনা পর্বের পর জেলা পুলিশের একটি গুরুত্বপূর্ণ কল্যাণ সভাও  অনুষ্ঠিত হয়। প্রতিটি থানা ও ইউনিট থেকে নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন।

এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিদায়ী পুলিশকর্মীদের স্মৃতিচারণ। তাঁদের মধ্যে অন্যতম পুরুলিয়ার বিদায়ী ইন্সপেক্টর অভিজিৎ সিংহ  তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বলতে  গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

পুরুলিয়া ইন্সপেক্টর অভিজিৎ সিংহ জানান, "আজ ইন্সপেক্টর হিসেবে অবসর নিলেও আমার এই দীর্ঘ পথচলা শুরু হয়েছিল এক তরুণ সাব-ইন্সপেক্টর  হিসেবে। ১৯৮৯ সালের ৫ই জুন আমি প্রথম পুলিশ বাহিনীতে যোগ দিই।"

ইন্সপেক্টর অভিজিৎ সিংহ ছাড়াও  পুরুলিয়া জেলা পুলিশ ফোর্সের আরও ৭ জনকে তাঁদের দীর্ঘ কর্মজীবন অন্তে সম্মান জানানো হয়। অবসরপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা হলেন এসআই সদানন্দ বন্দ্যোপাধ্যায়, মুখ্য করণিক পরেশ নন্দী, এএসআই উত্তম কুমার পাল, কনস্টেবল বিশ্বজিৎ মহাপাত্র, সুশান্ত কুমার দে, এনভিএফ ললিত কিশোর মাহাতো ও যুগল হাঁসদা। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়েছে।