নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দিল্লিতে অমিত শাহ আর জেপি নাড্ডার মতো শীর্ষ নেতাদের সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের বৈঠক। কুড়মি সমাজের প্রধান নেতা অজিতপ্রসাদ মাহাতো বিষয়টি নিয়ে মুখ খুলতে না চাইলেও সমাজ সূত্রে খবর, তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশনেই। আগামী ২০ সেপ্টেম্বর সংগঠনের একটি কর্মসূচিতে পুরুলিয়া আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই কর্মসূচি থেকেই কুড়মিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে সংগঠনের অন্দরে জল্পনা শুরু হয়েছে। বুধবার নয়াদিল্লিতে সংসদ ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জামশেদপুরের সাংসদ বিদ্যুৎবরণ মাহাতো, গিরিডির সাংসদ সিপি চৌধুরি এবং রাজ্যসভার সাংসদ খিরু মাহাতো।
কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি দীর্ঘদিনের। গত বিধানসভা নির্বাচনের প্রচারে অমিত শাহ নিজেই কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পর কুড়মি সমাজের আশা ছিল, বাদল অধিবেশনেই এ বিষয়ে অনুমোদন মিলবে। কিন্তু তা হয়নি। বুধবারের দ্বিতীয় দফার বৈঠকের পর সমাজের অন্দরে ফের আশার আলো দেখা দিয়েছে। সূত্রের খবর, চলতি বছরের শীতকালীন অধিবেশনেই বিষয়টি সংসদের সামনে আসতে পারে।
শুধু ভাষার স্বীকৃতি নয়, কুড়মিদের আদিবাসী তালিকাভুক্তির দাবিও বৈঠকে আলোচনায় এসেছে বলে সূত্রের খবর। সেই দাবিও পূরণের পথে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।