নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পুরুলিয়া ১নম্বর ব্লকের কাঁটাবেড়া ও আড়শা ব্লকের বামুনডিহা কংসাবতী নদীঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের। তবে দাবি পূরণ হয়নি। রাজ্যে পালাবদলের পরেই সেই সেতু নির্মাণে উদ্যোগী হয়েছেন বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক জলধর মাহাতো। মে মাসে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলাকে নিয়ে প্রথম বৈঠকে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কাঁটাবেড়াতে কংসাবতী নদীর উপর সেতু নির্মাণের আবেদন রাখেন তিনি। তার এক দিন পরেই সেতু পরিদর্শন করেন । এবার সেতুর আবেদন নিয়ে রাজ্যের গণপূর্ত দফতরের মন্ত্রী (পি ডাব্লিউ ডি) অজয় কুমার পোদ্দারের সাথে বৈঠক করলেন তিনি। সূত্রের খবর, খুব শীঘ্রই গণপূর্ত দফতর থেকে এই ঘাটে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
নদীর উত্তর দিকে পুরুলিয়া ১ ও জয়পুর ব্লকের বিস্তীর্ণ জনপদ ও দক্ষিণ দিকে আড়শা ব্লক। তিনটি ব্লকের সংযোগস্থলে কংসাবতী নদীর উপর বিধানসভা ভোটের আগে ২০১৬ সালে ২৮ শে ফেব্রুয়ারি সেতুর শিলান্যাস করেছিলেন তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে বরাদ্দ করা হয়েছিল ৯ কোটি ২৪ লক্ষ টাকা। প্রথম এক বছর দ্রুত গতিতে কাজ হলেও পরে থমকে যায় সেতু নির্মাণের কাজ। পরে ২০২০ সালে সেতু তৈরির লোকজনেও চলে যায়। তারপর থেকে এলাকার বাসিন্দারা বারবার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের দরবারে ঘুরেছেন। কিন্তু সেতুর কাজ শুরু হয়নি।
এবার রাজ্যে পালাবদলের পর থেকেই আবার সেতুর স্বপ্ন দেখতে শুরু করেছে জয়পুর, বলরামপুর ও বাঘমুন্ডি বিধানসভার প্রায় ৫০ হাজার মানুষ। সেতু নির্মাণ সংগ্রাম কমিটি'র অন্যতম সদস্য চিত্তরঞ্জন মাহাতো, মধুসূদন মাহাতো জানান, "এই ঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের। বিধায়কের হাত ধরে দ্রুত সেতুর কাজ শুরু হবে বলে আমরা আশাবাদী।"