নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
আবারও ঝালদা থানার পুলিশের মানবিক উদ্যোগ।বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিলেন তারা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম সাফিউল আলম। তার বাড়ি কলকাতার বেহালা এলাকায়। শুক্রবার সকালে ঝালদা থানার ইচাগ বাজার থেকে তাকে উদ্ধার করা হয় । শনিবার স্বাধীনতা দিবসের দিন তার মা রাবিয়া খাতুন ঝালদা থানায় এসে তাকে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে তাদের কাছে খবর আসে ইচাগ বাজারে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করা হয়েছে। খবর পাওয়ার পরেই পুলিশ দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার সঙ্গে দীর্ঘ আলাপচারিতার পর বিশেষ প্রযুক্তির সাহায্যে পুলিশ জানতে পারে তার বাড়ি কলকাতার বেহালা এলাকায়। তারপরেই সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করা হয়। অবশেষে শনিবার সাফিউলের পরিবার থানায় এসে তাকে বাড়ি নিয়ে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সাফিউল শারীরিক সমস্যায় ভুগছেন। বুধবার সফিউলের মা তাকে চিকিৎসার জন্য খিদিরপুরের এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীকালে সে পথ হারিয়ে কোনো ভাবে ঝালদা থানার ইচাগে এসে পৌঁছায়। প্রসঙ্গত ঝালদা থানার পুলিশ বৃহস্পতিবার ব্রজপুর এলাকা থেকে বিহারের এক যুবককে একই ভাবে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছিলেন।