সাধারণ খবর শহর

মধ্যরাতে পুরুলিয়া শহরের গাড়িখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোকান

স্থানীয়দের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকা। তবে বাঁচানো গেল না একটি টেলার্স দোকানকে। চোখের পলকে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেল এক ব্যবসায়ীর উপার্জনের একমাত্র সম্বল।
মধ্যরাতে পুরুলিয়া শহরের গাড়িখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোকান

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: 

মধ্য রাত। মঙ্গলবার। হঠাৎ আচমকা লেলিহান শিখা। আর একটু দেরি হলেই আগুন ছড়িয়ে পড়তে পারতো আশেপাশের অন্যান্য দোকানে। স্থানীয়দের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকা। তবে বাঁচানো গেল না একটি টেলার্স দোকানকে। চোখের পলকে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেল এক ব্যবসায়ীর উপার্জনের একমাত্র সম্বল।

ঘড়িতে তখন রাত সাড়ে ১২ টা। শুনশান গাড়িখানা এলাকার পুরসভা শেড চত্বরে হঠাৎই আগুনের লাল আভা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি কাপড় সেলাইয়ের দোকান। রাতের অন্ধকার চিরে আগুনের ভয়াবহ রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। তবে স্থানীয়রা ভয় না পেয়ে দ্রুত খবর দেন প্রশাসনকে।
খবর পাওয়া মাত্রই কালক্ষেপ না করে ঘটনাস্থলে ছুটে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় বেশ কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকলের এই দ্রুত পদক্ষেপের ফলেই আগুন অন্যান্য দোকানে ছড়াতে পারেনি এবং বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। যেহেতু এলাকাটি সেসময় সম্পূর্ণ জনশূন্য ছিল। তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দোকানের সমস্ত মজুত কাপড় ও সেলাইয়ের সরঞ্জাম পুড়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ওই ব্যবসায়ীকে।

কীভাবে মাঝরাতে এমন বিধ্বংসী আগুন লাগল? এটি কি নিছকই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটা কোনো দুর্ঘটনা? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ইতিমধ্যেই যৌথভাবে তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানা ও দমকল বিভাগ।