নিজস্ব প্রতিনিধি, ঝালদা
ড্রেন থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে, ঝালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরানো বাঘমুন্ডি রোড এলাকায় । ঘটনাটি প্রথমে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ।
পুলিশ দেহটি উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বধূ বাগতি (৫৭)। রবিবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মৃতের ছেলে ধনঞ্জয় বাগতি জানান,“রবিবার থেকেই বাবা নিখোঁজ ছিল। আমরা অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। সকালে খবর পেয়ে এসে দেখি ড্রেনের মধ্যে বাবার দেহ পড়ে রয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, আমরা কিছুই বুঝতে পারছি না।”
ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।