সাধারণ খবর ব্লক

বউকে ফিরিয়ে না আনলে ঝাঁপ! জয়পুরে মোবাইল টাওয়ারে উঠে গেলো যুবক

মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের এক গ্রাম থেকে এক যুবতীকে সঙ্গে নিয়ে আসে সে। দাবি করে এ-ও তার স্ত্রী। বাড়িতে থাকতে দিতে হবে তাকেও। ঘরে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। বুধবার সকালে দ্বিতীয় যুবতীকে তার বাপের বাড়ির লোক এসে নিয়ে যান। তার পরেই বেঁকে বসে আজহারউদ্দিন। দ্বিতীয় স্ত্রীকে ফিরিয়ে না আনলে টাওয়ার থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেয় ওই যুবক।
বউকে ফিরিয়ে না আনলে ঝাঁপ! জয়পুরে মোবাইল টাওয়ারে উঠে গেলো যুবক

 

নিজস্ব প্রতিনিধি , জয়পুর:

স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনার দাবিতে মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন এক যুবক। বুধবার  বিকেলে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জয়পুর ব্লকের ফরেস্ট মোড় এলাকায়। সূত্রে জানা যায় ওই যুবকের বাড়ি এই থানার পালঞ্জা গ্রামে। টাওয়ার থেকে নেমে আসার জন্য পুলিশ ও দমকলকর্মীরা বার বার অনুরোধ করলেও প্রথমে যুবকটি নীচে নামতে রাজি হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, ওই যুবকের নাম আজহারউদ্দিন আনসারি। বেশ কয়েক বছর আগে তার বিয়ে হয়। বাড়িতেই  থাকে স্ত্রী ও দুই সন্তান। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের এক গ্রাম থেকে এক যুবতীকে সঙ্গে নিয়ে আসে সে। দাবি করে এ-ও তার স্ত্রী। বাড়িতে থাকতে দিতে হবে তাকেও। ঘরে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। বুধবার সকালে দ্বিতীয় যুবতীকে তার বাপের বাড়ির লোক এসে নিয়ে যান। তার পরেই বেঁকে বসে আজহারউদ্দিন। দ্বিতীয় স্ত্রীকে ফিরিয়ে না আনলে টাওয়ার থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেয় ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ ও দমকল বাহিনী। তাকে নিরাপদে নীচে নামানোর জন্য পুলিশ ও দমকলকর্মীরা চেষ্টা চালায়। আসে বিপর্যয় মোকাবিলা দপ্তর। শেষে বুঝিয়ে সুঝিয়ে তাকে নামানো হয়। পুলিশ ওই যুবকে থানায় নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাকে বাড়ির লোকের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়।