নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে যৌথ অভিযান চালাল পুলিশ ও আবগারি দফতর। বুধবার বান্দোয়ান থানার রোলাডি ও জিতান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্দোয়ান থানার পুলিশ এবং জেলা আবগারি দফতরের আধিকারিকদের নিয়ে গঠিত যৌথ দল ওই দুই এলাকায় অভিযান চালায়। অভিযানে বিভিন্ন জায়গায় মজুত করে রাখা চোলাই মদ উদ্ধার করা হয়। পরে বাজেয়াপ্ত করা মদ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবৈধ ভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে। এলাকায় বেআইনি মদ কারবার বন্ধ করতে যৌথ ভাবে নজরদারি চালাবে পুলিশ ও আবগারি দফতর ।