নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
জেলা পুলিশের সহায়তায় পরিবারের সদস্যদের খুঁজে পেলেন এক মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া বিহারের এক যুবক। কম্পিউটার সায়েন্সের স্নাতক মননজয় কর্মজীবন শুরু করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু যাত্রাপথে তার মানসিক অসুস্থতা পুনরায় দেখা দেওয়ায় তিনি পথ হারিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে ঝালদা থানার ব্রজপুর এলাকায় চলে আসেন। বৃহস্পতিবার তাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল ঝালদা থানার পুলিশ।
পুলিশ জানায়, যুবকের নাম মননজয় উপাধ্যায়(৩৩)।তার বাড়ি বিহারের ছাপরা জেলার বানিয়াপুর এলাকায়। বুধবার পুলিশ জানতে পারে ঝালদা থানার ব্রজাপুর এলাকায় গ্রামবাসীরা চোর সন্দেহে একজনকে আটক করেছে । খবর পাওয়ার পরেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঝালদা থানায় নিয়ে আসেন। যত্ন ও নিরাপত্তার সঙ্গে তাকে রাখা হয়। ধৈর্য সহকারে জিজ্ঞাসাবাদ ও দীর্ঘক্ষণ কথোপকথনের মাধ্যমে তার পরিচয় ও বিহারের ঠিকানা জানতে পারে পুলিশ। তারপরেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার ওই যুবকের মা ঝালদা থানায় এসে নিরাপদে তার ছেলেকে বাড়ি নিয়ে যান। এদিন থানায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকা প্রশংসা করেন ওই যুবকের পরিবার।