ক্রাইম ব্লক

মন্দিরে কালীমূর্তির গা থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য আনাড়ায়

গভীর রাতের অন্ধকারে কালীমন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের দেবীর গা থেকে লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না খুলে নেওয়ার পাশাপাশি দানপাত্র ভেঙে নগদ অর্থও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় পাড়া থানার অন্তর্গত আনাড়ার চাপুড়ি এলাকায়।
মন্দিরে কালীমূর্তির গা থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য আনাড়ায়

নিজস্ব প্রতিনিধি, আনাড়া:

গভীর রাতের অন্ধকারে কালীমন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের দেবীর গা থেকে লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না খুলে নেওয়ার পাশাপাশি দানপাত্র ভেঙে নগদ অর্থও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় পাড়া থানার অন্তর্গত আনাড়ার চাপুড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া– বরাকর রাজ্য সড়কের ধারে অবস্থিত ওই কালীমন্দিরে প্রতিদিনের মতো বুধবার সকালে পুজোর জন্য দরজা খুলতেই চুরির ঘটনা ধরা পড়ে। দেখা যায়, দেবীর অলঙ্কার উধাও। পাশাপাশি দানপাত্র ভেঙে তার ভিতরে থাকা নগদ টাকাও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

মন্দিরের পুরোহিত বলেন, "সকালে এসে মন্দিরের দরজা খুলতেই দেখি সব তছনছ হয়ে পড়ে আছে। মায়ের গায়ের সোনা-রুপোর গয়নাগুলোর একটাও নেই। দানবাক্সটাও ভেঙে সব টাকা নিয়ে পালিয়েছে চোরেরা। আমরা স্তম্ভিত।"

স্থানীয় বাসিন্দা হাবুল সেনগুপ্ত বলেন,
"পুরুলিয়া -বরাকর রাজ্য সড়কের ধারেই এই মন্দির। এখানে এমন দুঃসাহসিক চুরি হবে আমরা ভাবতেই পারছি না। লক্ষাধিক টাকার গয়না চুরি গেছে। আমরা চাই পুলিশ দ্রুত এর তদন্ত করুক এবং দোষীদের গ্রেপ্তার করুক।"

ঘটনার খবর পেয়ে দ্রুত মন্দিরে পৌঁছায় পাড়া থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে তারা। কীভাবে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকল এবং কোন পথে পালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিল।