সাধারণ খবর শহর

২০০ ফুটের তিরঙ্গা নিয়ে পুরুলিয়ায় শুরু স্বাধীনতা উদযাপন সপ্তাহ

রবিবার থেকে আগামী ১৭ই আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এই স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি পালিত হবে। এদিনের সুসজ্জিত মিছিলে ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক সহ প্রায় ২,০০০ জন সাধারণ মানুষ পা মেলান।
২০০ ফুটের তিরঙ্গা নিয়ে পুরুলিয়ায় শুরু স্বাধীনতা উদযাপন সপ্তাহ

 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

স্বাধীনতা দিবসের আগে দেশপ্রেমের আবহে মেতে উঠল পুরুলিয়া। 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচির সূচনা উপলক্ষে ৯ই আগস্ট জেলা প্রশাসন ও পুরুলিয়া পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা। জেলাশাসক দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মূল আকর্ষণ ছিল একটি ২০০ ফুট দীর্ঘ বিশাল জাতীয় পতাকা, যা হাতে নিয়ে হেঁটে চলেন হাজার হাজার মানুষ।

রবিবার থেকে আগামী ১৭ই আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এই স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি পালিত হবে। এদিনের সুসজ্জিত মিছিলে ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক সহ প্রায় ২,০০০ জন সাধারণ মানুষ পা মেলান। শহর পরিক্রমার মধ্য দিয়ে পুরো এলাকা তেরঙ্গার রঙে ও দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এদিনের এই বিশেষ উদ্যোগ সম্পর্কে পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম বলেন, আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। আজ থেকে আমরা এক সপ্তাহব্যাপী স্বাধীনতা দিবস উদযাপনের শুভ সূচনা করলাম এই তেরঙ্গা র‍্যালির মাধ্যমে। 'হর ঘর তিরঙ্গা' অভিযানের মূল উদ্দেশ্যই হলো প্রতিটি নাগরিকের মাধ্যমে দেশের প্রতি সম্মান, গর্ব এবং ভক্তির বার্তা পৌঁছে দেওয়া। আজকের এই মিছিলে জয়পুরের বিধায়ক, জেলা পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক , এডিএম, ডিএফও সহ সমস্ত দপ্তরের আধিকারিক ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। আমি সমগ্র পুরুলিয়াবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই নিজ নিজ বাড়িতে তেরঙ্গাকে উপযুক্ত সম্মান জানিয়ে এই উদযাপনে শামিল হন।"

কর্মসূচিকে ঘিরে পুরো পুরুলিয়া শহর জুড়েই ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।