ক্রাইম ব্লক

টামনায় বধূ খু*নের অভিযোগে গ্রেফতার স্বামী

টামনায় বধূ খু*নের অভিযোগে  গ্রেফতার স্বামী

 

নিজস্ব প্রতিনিধি, টামনা:

এক বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় বধূর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে গ্রেফতার করল টামনা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম অনুপম লাই। তার বাড়ি টামনা থানার দুলমী এলাকায়।

মঙ্গলবার পুরুলিয়া শহরের নডিহা ইউসি সিনহা স্ট্রিটের বাসিন্দা রিঙ্কু চট্টোপাধ্যায় টামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান , ২০২১ সালে তার মেয়ে পায়েলের সাথে টামনা থানার দুলমী গ্রামের বাসিন্দা অনুপমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, ভাশুর , শ্বশুর ও শাশুড়ি তার মেয়ের উপর অত্যাচার করত। মঙ্গলবার সকালে মেয়ের শ্বশুর বাড়ির মধ্যে গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় ওই বধূকে ঝুলতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহাল হয়। মৃতার মায়ের দাবি তার মেয়েকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।