স্বাস্থ্য

ম্যারাথন পরিদর্শনে জেলায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল, নেই MRI - ECG, নেই কার্ডিওলজিস্ট বা নেফ্রোলজিস্টের মতো বিশেষজ্ঞ

এদিনের পরিদর্শনে হাসপাতালের বেশ কিছু জরুরি ও গুরুত্বপূর্ণ পরিষেবার অভাব স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে এই মেডিক্যাল কলেজে নেই এমআরআই সুবিধা, কার্ডিওলজিস্ট বা নেফ্রোলজিস্টের মতো বিশেষজ্ঞ চিকিৎসক। এমনকী জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা না থাকায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ম্যারাথন পরিদর্শনে জেলায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল, নেই MRI - ECG, নেই কার্ডিওলজিস্ট বা নেফ্রোলজিস্টের মতো বিশেষজ্ঞ

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:

জেলার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও পরিকাঠামোগত ফাঁকফোকর খতিয়ে দেখতে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে পৌঁছাল রাজ্য স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের একটি বিশেষ দল। হাসপাতাল চত্বরে প্রায় তিন ঘণ্টা ধরে চলে পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন ও আধিকারিকদের রুদ্ধদ্বার বৈঠক।

সূত্রের খবর, এদিনের  পরিদর্শনে হাসপাতালের বেশ কিছু জরুরি ও গুরুত্বপূর্ণ পরিষেবার অভাব স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে এই মেডিক্যাল কলেজে নেই এমআরআই সুবিধা, কার্ডিওলজিস্ট বা নেফ্রোলজিস্টের মতো বিশেষজ্ঞ চিকিৎসক। এমনকী জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা না থাকায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর পাশাপাশি, রোগী অনুপাতে চিকিৎসক ও শিক্ষক-চিকিৎসকের ঘাটতির বিষয়টিও এদিনের পর্যালোচনায় উঠে আসে।

রাজ্য স্বাস্থ্য প্রতিনিধি দলটি শনিবার পুরুলিয়া শহর ক্যাম্পাস ও হাতোয়াড়া ক্যাম্পাস উভয় কেন্দ্রেই ঘুরে দেখেন। জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বহির্বিভাগ ও ওয়ার্ডের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা। পরিদর্শন শেষে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে পরিষেবার ঘাটতি দূর করা ও উন্নত পরিকাঠামো  সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন প্রফেসর ড. ইন্দ্রজিৎ সাহা  বলেন, "আমরা হাসপাতালের বর্তমান পরিষেবা ও পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখতে এসেছি। যেসব জায়গায় চিকিৎসকের ঘাটতি ও যন্ত্রপাতির অভাব রয়েছে, তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে সঠিক ও উন্নতমানের চিকিৎসা পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী জানান, "স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। এমআরআই, কার্ডিওলজি ও নেফ্রোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগের অভাব এবং চিকিৎসক ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিদর্শনের এই পদক্ষেপ আগামী দিনে হাসপাতালের পরিষেবার মান বৃদ্ধিতে সাহায্য করবে।"

জেলাবাসীর দীর্ঘদিনের দাবি, অবিলম্বে বিশেষ চিকিৎসকের পদ পূরণ ও জরুরি আধুনিক চিকিৎসা সরঞ্জাম চালু করা হোক, যাতে সামান্য জটিল চিকিৎসার জন্যও রোগীদের আর কলকাতায় ছুটতে না হয়। স্বাস্থ্য দফতরের এই পরিদর্শনের পর পরিষেবার কতটা পরিবর্তন ঘটে, সেদিকেই এখন নজর পুরুলিয়াবাসীর।

শুধু মেডিকেল কলেজই নয়, জেলার বিভিন্ন ব্লক হাসপাতালে পরিদর্শনে যান প্রতিনিধিরা। বাঘমুন্ডি সহ বেশ কয়েকটি এলাকায় চলে পরিদর্শন।  রবিবারও পরিদর্শন চলবে। প্রতিনিধিরা যাবেন মানবাজার।