সাধারণ খবর ব্লক

সাঁওতালডিতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে সরকার, ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী

শুক্রবার পাড়া ব্লকের বিডিও নীলঞ্জন সিনহার উপস্থিতিতে রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি মৃত যুবকের মা গীতা হাজরার হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।
সাঁওতালডিতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে সরকার, ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী

 

 

নিজস্ব প্রতিনিধি, পাড়া:


ওড়িশায় কর্মসংস্থানের সন্ধানে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হওয়া এক পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। শুক্রবার দুপুরে পুরুলিয়ার পাড়া ব্লকের সাঁওতালডি থানার কুকুরটাঙ্গা গ্রামের মৃত যুবক শঙ্কর হাজরার পরিবারের হাতে রাজ্য সরকারের তরফ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত ১৭ই জুলাই ওড়িশার একটি বেসরকারি সংস্থায় নির্মাণের কাজ করার সময় একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে যান শঙ্কর হাজরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মুখে পড়েছিল শঙ্কর হাজরার পরিবার।

ঘটনাটি জানতে পেরে উদ্যোগী হন পাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি। তিনি বিষয়টি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।

শুক্রবার পাড়া ব্লকের বিডিও নীলঞ্জন সিনহার উপস্থিতিতে রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি মৃত যুবকের মা গীতা হাজরার হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি  বলেন, "কুকুরটাঙ্গা গ্রামের পরিযায়ী শ্রমিক শঙ্কর হাজরার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিষয়টি জানার পরই মুখ্যমন্ত্রী তাঁর ত্রাণ তহবিল  থেকে এই পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। আজ ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকার যে সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে, এটি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।"

চেক হাতে পেয়ে  মৃত শ্রমিকের মা গীতা হাজরা আবেগপ্লুত হয়ে রাজ্য সরকার, প্রশাসন ও স্থানীয় প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।