সাধারণ খবর ব্লক

হেলমেট থেকে ট্রাফিক সিগন্যাল, আদ্রায় সপ্তাহভর সচেতনতা পুলিশের

হেলমেট থেকে ট্রাফিক সিগন্যাল, আদ্রায় সপ্তাহভর সচেতনতা পুলিশের

 

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

পথদুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিতে সপ্তাহভর প্রচার অভিযান চালাল আদ্রা থানার পুলিশ। আদ্রা রেলওয়ে স্টেশনের উত্তর বুকিং কাউন্টার চত্বর-সহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই কর্মসূচি হয়। রবিবারই শেষ হয়েছে সপ্তাহব্যাপী এই সচেতনতা কর্মসূচির আনুষ্ঠানিক পর্ব।

প্রচার অভিযানে পথচলতি মানুষ থেকে গাড়িচালক— সকলের কাছেই তুলে ধরা হয় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর গুরুত্ব। হেলমেট পরে বাইক চালানো, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা, বেপরোয়া ওভারটেকিং এড়ানো, ট্রিপল রাইডিং বন্ধ রাখা এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার উপরে বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি গাড়ির বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র সঙ্গে রাখা এবং হাইড্রোলিক বা এয়ার হর্ন ব্যবহার না করার বিষয়েও সচেতন করা হয়।

সড়কের বিভিন্ন মোড়ে থাকা ট্রাফিক নির্দেশক বোর্ড ও সংকেতের অর্থ বুঝে চলার পরামর্শও দেওয়া হয় চালকদের। আদ্রা থানার আধিকারিকদের দাবি, প্রতিদিনের এই প্রচার কর্মসূচিতে প্রায় ১২০ থেকে ১৫০ জন সাধারণ মানুষ ও যানবাহন চালক অংশ নেন। সচেতনতা বাড়াতে এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পেও বিশেষ প্রচার চালানো হয়।

পুলিশের বক্তব্য, দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক বিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলাও জরুরি। সেই লক্ষ্যেই আগামী দিনেও এমন সচেতনতামূলক প্রচার চালানো হবে।