সাধারণ খবর ব্লক

নিখোঁজ হওয়ার পরদিন সকালে কুয়ো থেকে উদ্ধার প্রাক্তন প্রধানের দেহ

নিখোঁজ হওয়ার পরদিন সকালে কুয়ো থেকে উদ্ধার হলো গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের কেন্দা থানার অন্তর্গত চাঁদড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম বিশ্বেশ্বর মাহাতো। তিনি চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন।
নিখোঁজ হওয়ার পরদিন সকালে কুয়ো থেকে উদ্ধার প্রাক্তন প্রধানের দেহ

 


নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

নিখোঁজ হওয়ার পরদিন সকালে কুয়ো থেকে উদ্ধার হলো গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের কেন্দা থানার অন্তর্গত চাঁদড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম বিশ্বেশ্বর মাহাতো। তিনি চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার ভোরবেলা থেকেই বিশ্বেশ্বর বাবুর কোনো খোঁজ পাচ্ছিলেন না তাঁর পরিবারের সদস্যরা। চারদিকে খোঁজাখুঁজি করার পর, ওইদিন বিকেলেই চাঁদড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পেছনের একটি কুয়োর পাড়ে তাঁর জামা, চপ্পল এবং গামছা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জিনিসপত্র দেখেই সন্দেহ দানা বাঁধে স্থানীয় ও পরিবারের মনে।

কুয়োর পাড়ে পোশাক পাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। কুয়োর গভীর জলে নেমে রাতভর তল্লাশি চালালেও প্রথমে কোনো হদিশ মেলেনি। অবশেষে পরের দিন সকালে কুয়োর জলে বিশ্বেশ্বর বাবুর দেহটি ভাসতে দেখা যায়।

পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীদের যৌথ প্রচেষ্টায় মৃতদেহটি জল থেকে উদ্ধার হয়। নিয়ম মানতে দেহটি চাকলতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুনের অভিযোগ নাকি এটি স্রেফ দুর্ঘটনা? এই বিষয়ে মৃত বিশ্বেশ্বর মাহাতোর ছেলে তারক মাহাতো জানান, "বাবার গলায় টিউমার ছিল, বাঁকুড়ায় চিকিৎসা চলছিল। ঘটনার দিনও যাওয়ার কথা ছিল। এই ঘটনায় আমাদের কাউকে সন্দেহ নেই, এটি দুর্ঘটনা হতে পারে।"
তবে এটি কোনো দুর্ঘটনা, নাকি আত্মহত্যা  নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে— তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে কেন্দা থানার পুলিশ।