ক্রাইম ব্লক

জয়পুরে জাল বিদেশি মদের কারখানার হদিশ! ৯০০ লিটার জাল মদ সহ ধৃত ৭

একেবারে ব্র্যান্ডেড বিদেশি মদের বোতল। হুবহু এক দেখতে। সেই একই লেবেল আর সিল। কিন্তু ভেতরে ভরা হচ্ছিল মারাত্মক ভেজাল মদ! শুধু তাই নয়, পেটিতে পেটিতে একেবারে বারকোড দেওয়া। পুরুলিয়ার জয়পুর থানা এলাকার সিধি-জামড়া গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামে দীর্ঘদিন ধরেই চলছিল এই বেআইনি নকল বিদেশি মদের কারখানা।
জয়পুরে জাল বিদেশি মদের কারখানার হদিশ! ৯০০ লিটার জাল মদ সহ ধৃত ৭

 

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

একেবারে ব্র্যান্ডেড বিদেশি মদের বোতল। হুবহু এক দেখতে। সেই একই লেবেল আর সিল। কিন্তু ভেতরে ভরা হচ্ছিল মারাত্মক ভেজাল মদ! শুধু তাই নয়, পেটিতে পেটিতে একেবারে বারকোড দেওয়া। পুরুলিয়ার জয়পুর থানা এলাকার সিধি-জামড়া গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামে দীর্ঘদিন ধরেই চলছিল এই বেআইনি নকল বিদেশি মদের কারখানা। কিন্তু শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে  শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি নির্দিষ্ট ডেরায় অতর্কিতে হানা দেয় জয়পুর থানার অন্তর্গত বাগলতা আইসি-র পুলিশ। আর তাতেই ধরা পড়ল বিশাল ভেজাল মদ চক্র।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৯০০ লিটার ভেজাল বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু মদই নয়, নামী ব্র্যান্ডের জাল লেবেল, বোতল সিল করার আধুনিক সরঞ্জাম এবং বিপুল পরিমাণ প্যাকেজিং সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ। নকল মদকে আসল বলে বাজারে চালিয়ে দেওয়ার সমস্ত নিখুঁত ব্যবস্থাই করে রেখেছিল এই চক্রটি। হাতেনাতে ধরা পড়ে যায় সাতজন অভিযুক্ত। পুলিশ তাদের প্রত্যেককেই গ্রেফতার করেছে।

এই চক্রের মূল উৎস এবং পুরো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হদিশ পেতে ধৃতদের মধ্যে দুজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। আদালত তাদের ৬ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। বাকিদের জেরা করে এই চক্রে জড়িত অন্য মাথাদেরও দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে আশাবাদী তদন্তকারীরা।