পর্যটন অন্যান্য ব্লক

পরিবেশ বনাম কর্মসংস্থান, পর্যটন সুন্দরী অযোধ্যা পাহাড়ে চলছে তরজা

সম্প্রতি অযোধ্যা পাহাড়ের 'গ্রিন ভিলা রিসর্ট' এর যাতায়াতের একমাত্র রাস্তাটি বন দপ্তর কেটে দেওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রটি। আর এই ঘটনার জেরে সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে পড়েছেন রিসর্টটিতে কর্মরত প্রায় ৩৫ থেকে ৪০ জন স্থানীয় আদিবাসী কর্মী।
পরিবেশ বনাম কর্মসংস্থান, পর্যটন সুন্দরী অযোধ্যা পাহাড়ে চলছে তরজা

 


নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা:

পরিবেশ রক্ষা বনাম স্থানীয় মানুষের কর্মসংস্থান পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এবার এই দুইয়ের টানাপোড়েন এসে পড়ল জনসমক্ষে। সম্প্রতি অযোধ্যা পাহাড়ের 'গ্রিন ভিলা রিসর্ট' এর যাতায়াতের একমাত্র রাস্তাটি বন দপ্তর কেটে দেওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রটি। আর এই ঘটনার জেরে সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে পড়েছেন রিসর্টটিতে কর্মরত প্রায় ৩৫ থেকে ৪০ জন স্থানীয় আদিবাসী কর্মী।

দীর্ঘ ছয় বছর ধরে এই রিসর্টে কাজ করে সংসার চালাচ্ছেন স্থানীয় আদিবাসী পরিবারের সদস্যরা। আকস্মিক এই পদক্ষেপে কাজ হারানোর আশঙ্কায় দিন কাটছে তাঁদের। ক্ষুব্ধ কর্মীদের প্রশ্ন, পাহাড়ের আরও একাধিক নামী-দামী হোটেল বা রিসর্ট যেখানে বনাঞ্চলের রাস্তা ব্যবহার করছে, সেখানে বারবার শুধু তাঁদের সংস্থাকেই কেন নিশানা করা হচ্ছে? ক্ষোভের সুরে তাঁরা জানান, " আইনি লড়াইয়ের মাঝে তাঁদের রুটিরুজি যেন বিপন্ন না হয়"।

রিসর্ট কর্তৃপক্ষের সাফ দাবি, তাঁরা বনাঞ্চলের কোনো জমি দখল বা বেআইনি নির্মাণ করেননি। শুধুমাত্র পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে ওই পথটুকু ব্যবহার করা হচ্ছিল। বন দপ্তরের নোটিশ পাওয়ার পর তাঁরা কিছুটা সময় চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ না দিয়েই তড়িঘড়ি রাস্তাটি কেটে দেওয়া হয় বলে তাঁদের অভিযোগ। এর ফলে পর্যটন মরশুমের মুখে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ব্যবসা।

অন্যদিক, বন দপ্তরের এই পদক্ষেপকে সম্পূর্ণ নিয়মমাফিক বলেই দাবি করছেন পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ জানান, "রিসর্টের সামনের জমিটির কিছুটা অংশ সরকারি এবং কিছুটা অংশ সরাসরি বন দপ্তরের অধীনে পড়ে। এর আগেও ২০২১ সালে এই রাস্তাটির ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল। আইন সবার জন্যই সমান। ইতিমধ্যেই পাহাড়ের সমস্ত হোটেল ও রিসর্টের জমির নথিপত্র ও তথ্য তলব করা হয়েছে।"