নিজস্ব প্রতিনিধি, আড়শা :
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে আড়শা - টামনা সড়কে আড়শা থানার সটরা মোড়ের অদূরে। পুলিশ জানায় , মৃতের নাম দিলীপ কুমার মাহাতো (৬০)। তার বাড়ি আড়শা থানার পলপল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ সাইকেলে করে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি চার চাকার গাড়ি এসে তাকে ধাক্কা মারে। যার ফলে জখম অবস্থায় রক্তাক্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে আড়শা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইকেল আরোহীকে উদ্ধার করে সিরকাবাদ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে আড়শা থানার পুলিশ।পাশাপশি আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে ।