নিজস্ব প্রতিনিধি, জয়পুর;
অবৈধ খনিজ পরিবহণ ও ভুয়ো নথিপত্র ব্যবহারের অভিযোগে পুরুলিয়ার জয়পুর থানা এলাকায় একটি পাথরকুচি বোঝাই ডাম্পার বাজেয়াপ্ত করল পুলিশ। আটক করা হয়েছে ডাম্পারের চালককে। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এনএইচ-১৮এর কাঁঠালটাঁড় আন্তঃরাজ্য নাকা পয়েন্টে নাকা চেকিং চলাকালীন এই অনিয়ম ধরা পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বোকারো থেকে আদ্রাগামী একটি পাথরকুচি বোঝাই ডাম্পারকে কাঁঠালটাঁড় নাকায় আটক করা হয়। গাড়ির চালক, ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা হুবলাল মাহাত (৩২), পুলিশের কাছে মাইনিং চালান ও ট্যাক্স চালান দেখালেও ই-ওয়ে বিল দেখাতে ব্যর্থ হন। এরপর নথিপত্র গভীরভাবে যাচাই করতে গিয়েই উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
ডাম্পারটিতে বাস্তবে পাথরকুচি থাকলেও ট্যাক্স চালানে পরিবহণকৃত সামগ্রী হিসেবে হলুদ বালি লেখা ছিল। পাশাপাশি, ঝাড়খণ্ড সরকারের খনিজ পোর্টালের তথ্য মিলিয়ে দেখা যায়, চালকের জমা দেওয়া মাইনিং চালানে ৭৫০ সিএফটি খনিজের কথা বলা থাকলেও সরকারি পোর্টালে তার পরিমাণ ছিল ৫০০ সিএফটি। চালক জানান, চালানটি আদ্রার 'বৈষ্ণবী এন্টারপ্রাইজ'-এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
অবৈধ পরিবহণ ও নথি জালিয়াতির অভিযোগে পুলিশ ডাম্পার ও নথিপত্র বাজেয়াপ্ত করে চালককে গ্রেপ্তার করেছে। জয়পুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে । অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই চক্রের মূল উৎস, নথির সত্যতা এবং আর কারা এতে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।