নিজস্ব প্রতিনিধি, আড়শা :
কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাতে এবং কৃষকদের উৎসাহিত করতে পরীক্ষামূলকভাবে এগ্রি-ড্রোন প্রদর্শনীর আয়োজন করল আড়শা ব্লক কৃষি দফতর। বুধবার কৃষি দফতরের উদ্যোগে আড়শা ব্লকের আহাড়রা মোড় থেকে সিরকাবাদ পর্যন্ত পদযাত্রা করে গন্ধ বাজারের কাছে কৃষকদের নিয়ে এগ্রি ড্রোনের প্রদর্শনী করা হয় । এদিন "আগে বীজ শোধন,পরে বীজ বপন " এই বার্তা নিয়ে কৃষকদের সাথে পদযাত্রায় হাঁটেন আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ, আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক সহ কৃষি দফতরের আধিকারিকেরা । আড়শা ব্লকের সহ-কৃষি অধিকর্তা শুভদীপ কারক জানান, ফসলে কীটনাশক এবং তরল সার স্প্রে করার ক্ষেত্রে এই ড্রোন প্রযুক্তি আগামী দিনে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। প্রথাগত পদ্ধতিতে যেখানে বিঘার পর বিঘা জমিতে স্প্রে করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত, সেখানে ড্রোনের সাহায্যে মাত্র কয়েক মিনিটেই নিখুঁতভাবে এই কাজ সম্পন্ন করা সম্ভব। তিনি আরও জানান, এগ্রি ড্রোনের মাধ্যমে একদিকে যেমন জল ও ওষুধের অপচয় কমবে পাশাপাশি চাষের খরচ একধাক্কায় অনেকটাই হ্রাস পাবে । অন্যদিকে কৃষকদের সরাসরি বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে আসতে হবে না, যা তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে । আর সেই উদ্দেশ্যেই ব্লক এলাকার চাষিদের আধুনিক প্রযুক্তির উপযোগিতা সম্পর্কে সচেতন করতে এই ধরণের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। নতুন পদ্ধতি পেয়ে খুশি ও কৌতুহলী আড়শা ব্লকের চাষিরা।