টুকরো খবর ব্লক

সাপে কাটা শিশুর মৃত্যু ঘিরে উত্তাল পুঞ্চা, সরানো হলো বিএমওএইচকে

সাপে কাটা সাত বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তীব্র উত্তেজনার জেরে প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. নব কুমার বিশ্বাসকে।
সাপে কাটা শিশুর মৃত্যু ঘিরে উত্তাল পুঞ্চা, সরানো হলো বিএমওএইচকে

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

সাপে কাটা সাত বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তীব্র উত্তেজনার জেরে প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. নব কুমার বিশ্বাসকে। শনিবার বিকেলে পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অশোক কুমার বিশ্বাসের জারি করা নির্দেশে জানানো হয়েছে, অবিলম্বে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রশাসনিক দায়িত্ব ডা. সত্যব্রত মুখোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে ডা. বিশ্বাসকে।


শনিবার সকালে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে হাতিহাড় গ্রামের সাত বছরের এক শিশুকে সাপে কাটার পর হাসপাতালে নিয়ে আসা হলেও দীর্ঘ সময় চিকিৎসা শুরু হয়নি। পরিবারের দাবি, রাত ১১টা থেকে প্রায় দু’ঘণ্টা কার্যত বিনা চিকিৎসায় পড়ে ছিল শিশুটি। পরে অ্যান্টি-ভেনম দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

শিশুটির মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। কর্তব্যরত মহিলা চিকিৎসক, সেবিকা এবং বিএমওএইচ-কে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল চত্বরে ব্যাপক পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর হাসপাতালের দুটি পৃথক রিপোর্টে মৃত্যুর কারণ নিয়ে অসঙ্গতির অভিযোগও ওঠে। একটিতে ‘দুর্ঘটনা’ এবং অন্যটিতে ‘সাপে কাটা’ উল্লেখ করা হয়েছে বলে দাবি পরিবারের। এই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তর ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। তদন্ত শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিএমওএইচ-কে প্রশাসনিক দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্বাস্থ্য মহলের একাংশ। তাঁদের মতে, তদন্ত প্রক্রিয়াকে নিরপেক্ষ রাখতেই এই পদক্ষেপ। তবে সরকারি নির্দেশে কোথাও ‘শাস্তিমূলক ব্যবস্থা’ শব্দবন্ধ ব্যবহার করা হয়নি।