নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বেআইনি বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পাশাপাশি ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির মালিক তথা পেশায় সিভিক ভলান্টিয়ার শাহজাহান আনসারিকে। তার বাড়ি শহর সংলগ্ন গোপাল মোড় এলাকায়। পুরুলিয়া মফস্বল থানার আরকেটিএম স্কুল রোডের কাছ থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গোপন খবর পেয়ে আরকেটিএম স্কুল রোডের কাছে অভিযান চালিয়ে ট্রাক্টরটিকে আটক করা হয়। পুলিশ জানায়, চালক তথা গাড়ির মালিক বালি তোলার কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাক্টরটিকে আটক করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় গাড়ির মালিক তথা পেশায় সিভিক ভলান্টিয়ার শাহজাহান আনসারিকে।
জানা গিয়েছে, এর আগেও এই সিভিক ভলান্টিয়ার বেআইনি ভাবে বালি উত্তোলনের কাজে যুক্ত ছিলেন। এর আগেও চলতি মাসের ৩ এবং ৮ তারিখে ভূমি ও ভূমি সংস্কার দফতর কাঁসাই নদী থেকে অবৈধ ভাবে বালি পাচারের অপরাধে এই ট্র্যাক্টরটিকে হাতেনাতে ধরে ফেলে। উভয় ক্ষেত্রেই ২৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি, অবৈধ বালি তোলার সঙ্গে যুক্ত থাকার কারণে পুলিশ প্রশাসন তাকে ৬ মাসের জন্য কাজ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করেছিল।