সাধারণ খবর

২১ মে পুরুলিয়া সহ ৫ জেলার তদারকিতে মুখ্যমন্ত্রীর সফর

জেলা স্তরে উন্নয়নের কাজ খতিয়ে দেখতে ও কাজে গতি বাড়াতে আগামী ২১ মে প্রথম তদারকি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী । নবান্ন সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার, ২১ মে দুপুর ২টো থেকে দুর্গাপুরে এই হাইপ্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হবে।
২১ মে পুরুলিয়া সহ ৫ জেলার তদারকিতে মুখ্যমন্ত্রীর সফর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শপথ নেওয়ার পরেই উন্নয়নের কাজে তৎপর হয়ে উঠেছেন রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা স্তরে উন্নয়নের কাজ খতিয়ে দেখতে ও গতি বাড়াতে আগামী ২১ মে প্রথম তদারকি বৈঠকে বসছেন তিনি। নবান্ন সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার, ২১ মে দুপুর ২টো থেকে দুর্গাপুরে এই হাইপ্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হবে।

পশ্চিমাঞ্চলের মোট পাঁচটি জেলাকে নিয়ে এই প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। জেলাগুলি হলো, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব বর্ধমান। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই এই পাঁচ জেলার প্রশাসনকে জরুরি বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে স্পষ্ট করা হয়েছে, এই পাঁচ জেলায় বর্তমানে ঠিক কী কী উন্নয়নমূলক কাজ চলছে, তার পুঙ্খানুপুঙ্খ খতিয়ান চান মুখ্যমন্ত্রী। বিশেষ করে, আগের সরকারের আমলে কোন কোন প্রকল্পের কাজ কী অবস্থায় পড়ে রয়েছে এবং কোন কোন কাজের গতি অত্যন্ত  ধীর তার একটি স্পষ্ট রিপোর্ট  তৈরি করে বৈঠকে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, জটিলতা কাটিয়ে আটকে থাকা কাজ দ্রুত শেষ করাই নতুন মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য।

মুখ্যমন্ত্রীর এই হাইপ্রোফাইল বৈঠককে কেন্দ্র করে জেলাগুলিতে তৎপরতা তুঙ্গে। জানা গেছে, সাধারণ প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারাও ২১ মের বৈঠকে হাজির থাকবেন। ফলে আইন-শৃঙ্খলা থেকে শুরু করে উন্নয়ন সব দিকই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

নবান্নের নির্দেশিকা পাওয়ার পর শুক্রবার থেকেই এই পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ প্রস্তুতি বৈঠক শুরু করে দিচ্ছেন।  জনপ্রতিনিধিদের মতামতকেও এই বৈঠকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, শনিবার থেকেই সংশ্লিষ্ট জেলার নতুন বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবে জেলা প্রশাসন। বিধায়করা তাঁদের এলাকায় কী কী নতুন কাজের বা প্রকল্পের প্রস্তাব দিচ্ছেন, তার একটি তালিকা তৈরি করে ২১ মে-র বৈঠকে মুখ্যমন্ত্রীর টেবিলে জমা দিতে হবে।