নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পুরুলিয়া জেলা পুলিশের জনসংযোগ খাটিয়া বৈঠকে দেশের সীমান্ত প্রহরী বিএসএফও। করল পুলিশের উদ্যোগের প্রশংসা। আর বৈঠকে অবৈধ পোস্ত চাষ থেকে শুরু করে বাল্যবিবাহ, সাইবার অপরাধ থেকে বজ্রপাত ও ট্রাফিক নিরাপত্তা নিয়ে গ্রামবাসীদের সচেতন করল জেলা পুলিশ। গ্রামবাসীদের সমস্যার কথাও শুনলেন আধিকারিকরাও। শনিবার সন্ধ্যায় ঝালদা থানার ইলু-জার্গো গ্রাম পঞ্চায়েতের জারুয়াডিহ গ্রামে ছিলো খাটিয়া বৈঠক। পুলিশ সুপার কুমার সানি রাজ দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার প্রত্যন্ত এলাকায় ধারাবাহিক জনসচেতনতা ও জনসংযোগ কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তারই অংশ হিসেবে বিভিন্ন এলাকায় খাটিয়া বৈঠকের আয়োজন করা হচ্ছে। শনিবারের বৈঠকে বিএসএফ কর্মীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে অবৈধ পোস্ত চাষ ও বাল্যবিবাহের সামাজিক, অর্থনৈতিক এবং আইনগত দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ক্রমাগত জেলার বিভিন্ন প্রান্তে মারাত্মক বজ্রপাত হচ্ছে। সে সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোন কাজগুলি এড়িয়ে চলতে হবে, সে বিষয়েও গ্রামবাসীদের সচেতন করা হয়। ট্রাফিক নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার, ট্রিপল রাইডিং এড়িয়ে চলা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বার্তা দেওয়া হয়। উপস্থিত বাসিন্দাদের হাতে গুরুত্বপূর্ণ ফোন নম্বর সম্বলিত স্লিপ এবং সাইবার সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ঝালদা থানার আইসি শেষ কুমার সহ অন্যান্যরা।