নিজস্ব প্রতিনিধি, নিতুরিয়া:
পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার সীমানায় দামোদর নদ থেকে এক মধ্যবয়স্ক ব্যক্তির ভাসমান দেহ উদ্ধারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়াল। নিতুড়িয়া থানার গাঙটিকুলি দ্বীপ সংলগ্ন এলাকায় নদীর জলে দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, এদিন ভোরে কয়েক জন বাসিন্দা দামোদরে স্নান করতে গিয়ে প্রথমে নদীর জলে একটি দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে নিতুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি মধ্যবয়স্ক। তবে এখনও তাঁর পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি কী ভাবে তাঁর মৃত্যু হল, তা জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের দাবি।