নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা, ভয়ভীতি প্রদর্শন এবং একাধিক দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উত্তপ্ত পুরুলিয়ার রাজনৈতিক মহল। এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পুরুলিয়া মফস্বল থানার ছড়রা এলাকার বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মনোজ রজককে দল থেকে সাময়িক বরখাস্ত করল ভারতীয় জনতা পার্টি ।
দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের চিঠি থেকে জানা যাচ্ছে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে এই কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি নেতৃত্ব।
মনোজ রজকের উদ্দেশ্যে পাঠানো ওই চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, হুমকি দেওয়া সহ একাধিক দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, যা অত্যন্ত লজ্জাজনক এবং দলীয় সংবিধান বিরোধী। এই আচরণের জন্য আগামী ৭ দিনের মধ্যে তাঁকে শো কজ করা হয়েছে। পাশাপাশি, আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা মনোজ রজক সম্পূর্ণ অন্য দাবি করেছেন তিনি বলেন, "দলের তরফ থেকে আমি এখনও কোনো চিঠি হাতে পাইনি। তবে ইন্টারনেটে এটা ভাইরাল হতে দেখেছি। জেলা থেকেও আমাকে কিছু জানানো হয়নি। দলবিরোধী কাজের যে অভিযোগ উঠছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।"