খেলা ব্লক

তৃণমূলকে ৯-০ করে এবার ব্যাট হাতে বিজেপি জেলা সভাপতি

স্কুল মোড় লিজেন্ডার ইলেভেনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল শঙ্কর ইলেভেন ও সি বি সি ইলেভেন । নিজের দল নিয়ে মাঠে নেমে শঙ্কর মাহাত কেবল প্রতিযোগিতার উদ্বোধনই করলেন না, বরং যুবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেললেনও।
তৃণমূলকে ৯-০ করে এবার ব্যাট হাতে বিজেপি জেলা সভাপতি

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন বিজেপি জেলা সভাপতি। রাজনীতির চেনা ময়দান থেকে বার হয়ে  সম্পূর্ণ ভিন্ন চিত্রে ধরা দিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাত। ঝালদার যুবসমাজকে খেলাধুলোয় মাঠমুখী করে তুলতে নিজেই নেমে পড়লেন ক্রিকেট পিচে। রবিবার ঝালদা ব্লক ময়দানে আয়োজিত একটি বিশেষ ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট-বল হাতে নিয়ে রীতিমতো নজর কাড়লেন এই বিজেপি নেতা।
স্কুল মোড় লিজেন্ডার ইলেভেনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল শঙ্কর ইলেভেন ও সি বি সি ইলেভেন । নিজের দল নিয়ে মাঠে নেমে শঙ্কর মাহাত কেবল প্রতিযোগিতার উদ্বোধনই করলেন না, বরং যুবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেললেনও।
পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাত বলেন, "রাজ্যের সাম্প্রতিক পরিবর্তনের পিছনে সমাজের সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমি যেমন সকলকে ধন্যবাদ জানাতে চেয়েছি, তেমনই আমাদের মূল লক্ষ্য হলো আজকের যুবসমাজকে আবার মাঠমুখী করা। মোবাইল বা অন্য নেশা ছেড়ে তরুণ প্রজন্ম যাতে খেলাধুলোর দিকে ফেরে, সেই উদ্যোগই আমরা নিয়েছি। শুধু খেলাই নয়, এলাকার ক্রীড়াবিদদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামীদিনে এখানে একটি উন্নত মানের খেলার মাঠ তৈরির দিকেও আমরা বিশেষ নজর দেব।"

রবিবারের এই জমজমাট ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ঝালদা ব্লক ময়দানে ক্রীড়াপ্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শঙ্কর মাহাতর এই অভিনব উদ্যোগকে সফল করতে মাঠে উপস্থিত ছিলেন উদ্যোক্তা কমিটির অন্যতম সদস্য মুকেশ ভগত, সমীর মাহাত, পার্থসারথি মাহাত, আশীষ হাজরা ও কমল মাহাত সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে নেতার এই স্পোর্টিং স্পিরিট এদিন মাঠের দর্শকদের হাততালি কুড়িয়ে নেয়।