নিজস্ব প্রতিনিধি, আড়শা:
আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল আড়শায়। শনিবার আড়শা প্রশাসনের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয় ব্লক কার্যালয়ের সভাকক্ষে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ, আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, ভূমি ও ভূমি সংস্কার , বনদফতর, দমকল ও বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা। ব্লকের বিভিন্ন পুজো কমিটির সদস্যরাও বৈঠকে যোগ দেন।
বৈঠকে পুজো মণ্ডপে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বিদ্যুতের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা, সিসি ক্যামেরা, মহিলাদের নিরাপত্তা এবং বিসর্জনের রুট নিয়ে আলোচনা হয়। প্রশাসনের তরফে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে পুজো আয়োজন করার আহ্বান জানানো হয়।