নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
এক নামী ব্র্যান্ডের লোগো ব্যবহার করে রমরমিয়ে চলছিল নকল টিএমটি বারের কারবার। খবর পেয়েই নিতুড়িয়া থানার অন্তর্গত মেসার্স পুরুলিয়া ইস্পাত অ্যালয় প্রাইভেট লিমিটেড কারখানা প্রাঙ্গণে অভিযান চালিয়ে এই চক্রের পর্দা ফাঁস করল জেলা পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ২৫ টন সন্দেহভাজন নকল 'সুপার এক্সটি 600' টিএমটি রড।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার একটি গোপন সার্ভের মাধ্যমে ব্র্যান্ড সুরক্ষা সংস্থা 'আইপি লিগ্যাল অ্যান্ড সারভেইল্যান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড'-এর কর্তারা জানতে পারেন যে, উক্ত কারখানায় মূল ব্র্যান্ডের স্বত্ব ও সুনাম ক্ষুণ্ন করে নকল টিএমটি বার মজুত ও বাজারজাত করা হচ্ছে। এর ফলে মূল প্রস্তুতকারক সংস্থা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছিল। ঘটনাটি জানার পরপরই সংস্থার জোনাল হেড তোতন চক্রবর্তী নিতুড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেতেই নিতুড়িয়া থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে মেসার্স পুরুলিয়া ইস্পাত অ্যালয় প্রাইভেট লিমিটেডে হানা দেয় এবং কারখানা প্রাঙ্গণ থেকে বিপুল পরিমাণ ওই নকল রড বাজেয়াপ্ত করে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুরো ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে জেলা ডিইবির শাখা হাতে।
বাজেয়াপ্ত করা এই রডের বিশাল চালান আদতে কোথা থেকে আসছিল এবং এর পিছনে রাজ্যজুড়ে বড় কোনো অসাধু সরবরাহকারী চক্র বা কারখানা যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন ডিইবি-র তদন্তকারীরা।