নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) জয়পুর নগর ইউনিটের উদ্যোগে আয়োজিত হল বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’। শনিবার দেশাত্মবোধের আবহে জাতীয় পতাকা হাতে এই শোভাযাত্রায় পা মেলান সংগঠনের ছাত্রছাত্রী ও কার্যকর্তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির দক্ষিণবঙ্গ প্রদেশের জনজাতি ইনচার্জ মৃত্যুঞ্জয় মাহাতো, দক্ষিণবঙ্গ স্টেট এসএফএস ইনচার্জ তথা পুরুলিয়া পূর্ব সাংগঠনিক জেলা ব্যবস্থা প্রমুখ শুভজিৎ মাহাতো, পুরুলিয়া বিভাগ সংযোজক সৌরভ বন্দ্যোপাধ্যায় , পুরুলিয়া বিভাগ ছাত্রী প্রমুখ শিখা মাহাতো, পুরুলিয়া পূর্ব সাংগঠনিক জেলা প্রমুখ মহেশ্বর মাহাতো, জেলা ছাত্রী প্রমুখ মোনালিসা কুমার এবং এসএফডি কনভেনার আশা মিশ্র।
জয়পুর নগর ইউনিটের সভাপতি সালাউদ্দিন আনসারী ও সম্পাদক নিরঞ্জন স্বর্ণকার-সহ সংগঠনের কর্মী ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ব্লক সদরের প্রধান রাস্তা পরিক্রমা করে তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা হাতে মিছিলে অংশগ্রহণকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে জয়পুরের রাজপথ। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ এবং ‘ছাত্র শক্তি, রাষ্ট্র শক্তি’—এর মতো স্লোগানে তৈরি হয় উৎসবের আবহ।
এবিভিপির তরফে জানানো হয়েছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং দেশের বীর শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন। সংগঠনের দাবি, স্বাধীনতার গৌরব ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই তিরঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য।