নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
কলেজে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি মেটাতে এ বার বিধায়কের দ্বারস্থ হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জয়পুর বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজের কাঁচা রাস্তা দ্রুত পাকা করে চলাচলের উপযোগী করার দাবিতে মঙ্গলবার জয়পুরের বিধায়ক তথা কলেজের নবনিযুক্ত গভর্নিং বডি-র সভাপতি বিশ্বজিৎ মাহাতোর হাতে স্মারকলিপি তুলে দিল এবিভিপির কলেজ ইউনিট। বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক।
মঙ্গলবার কলেজ পরিদর্শনে আসেন বিশ্বজিৎ। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলেজের এনএসএস ইউনিটের সদস্য, ছাত্রছাত্রী এবং এবিভিপির কার্যকর্তারা। ভারতমাতার জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে কলেজ চত্বর। বিধায়ককে উত্তরীয় ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পরিদর্শনকালে কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, কর্মচারী এবং এবিভিপির কার্যকর্তাদের সঙ্গে পরিচিত হন বিশ্বজিৎ। এর পরেই কলেজের দীর্ঘদিনের কাঁচা রাস্তার সমস্যাটি তাঁর নজরে আনেন এবিভিপির সদস্যরা। তাঁদের দাবি, রাস্তাটি দ্রুত পাকা করা হলে কলেজে যাতায়াত আরও সুবিধাজনক হবে। স্মারকলিপি গ্রহণ করে বিধায়ক বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বলে এবিভিপি সূত্রে জানা গিয়েছে।