নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
স্পঞ্জ আয়রন কারখানার স্তূপ থেকে কয়লা সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক ঘটনায় জখম আরও এক কিশোরী। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বেড়মা এলাকায়। পুলিশ জানায় ,মৃতার নাম পূজা মাঝি (২৫)। তার বাড়ি সাপুয়া বিধান কলোনি এলাকায়। অন্যদিকে জখম কিশোরীর নাম ভাগ্য সিং সর্দার। তার বাড়ি ওই এলাকাতেই।
জানা গিয়েছে, বেড়মা এলাকায় অবস্থিত ওই স্পঞ্জ আয়রন কারখানার বর্জ্য ফেলে দেওয়া হয় পাশের একটি স্থানে। এলাকার মানুষজন সেখান থেকে বেছে বেছে কিছু কয়লা জ্বালানোর জন্য সংগ্রহ করেন। এদিন বিকেলে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ১৫ জন সেখানে গিয়েছিলেন। সেই সময় স্তূপ থেকে কয়লা সংগ্রহের সময় হঠাৎ দুজন চাপা পড়ে যান। পরে স্থানীয় মানুষজন ও সঙ্গে থাকা বাকিরা কোদাল দিয়ে বর্জ্য খুঁড়ে ওই দুজনকে উদ্ধার করেন। তাদের বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পূজাকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে জখম কিশোরী ভাগ্য সিং সর্দারকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলরামপুর থানার পুলিশ।