সাধারণ খবর

পুরুলিয়ায় দু’দিনে বজ্রপাতে মৃ*ত ৫, জখম অন্তত ১০

মঙ্গলবারের পর বুধবারেও বজ্রপাতের বলি পুরুলিয়ায়। এদিন জেলার পৃথক তিনটি ঘটনায় মৃত্যু হল তিন জনের। জখম হয়েছেন আরও দু’জন। মৃতেরা হলেন বরাবাজারের ভাগাবাঁধ গ্রামের ৬৯ বছরের পোস্তু সহিস , অযোধ্যাডির বাসিন্দা বছর ষাটের গীতা মাহাতো। এবং কোটশিলার টাটুয়াড়া গ্রামের তিরিশ বছরের গৃহবধূ দুর্গমনি কুমার।
পুরুলিয়ায় দু’দিনে বজ্রপাতে মৃ*ত ৫, জখম অন্তত ১০

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

মঙ্গলবারের পর বুধবারেও বজ্রপাতের বলি পুরুলিয়ায়। এদিন জেলার পৃথক তিনটি ঘটনায় মৃত্যু হল তিন জনের। জখম হয়েছেন আরও দু’জন। মৃতেরা হলেন বরাবাজারের ভাগাবাঁধ গ্রামের ৬৯ বছরের পোস্তু সহিস , অযোধ্যাডির বাসিন্দা বছর ষাটের গীতা মাহাতো।  এবং কোটশিলার টাটুয়াড়া গ্রামের তিরিশ বছরের গৃহবধূ  দুর্গমনি কুমার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে কেন্দা থানার দামদা গ্রামে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন পোস্তু সহিস। বাড়ির বারান্দায় বসে থাকার সময় আচমকা বজ্রপাত হয়। তাতে তাঁর  সঙ্গে জখম হন ওই গ্রামের অমর সহিস।  দু’জনকে উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পোস্তুকে মৃত বলে ঘোষণা করেন। অমরকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

অন্য একটি ঘটনায়, বরাবাজারের অযোধ্যাডি গ্রামে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে আক্রান্ত হন গীতা মাহাতো। তাঁর সঙ্গে আরও এক জন জখম হন। দু’জনকে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে গীতাদেবীকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্য ব্যক্তির চিকিৎসা চলছে। এ দিকে, এদিন দুপুরে কোটশিলা থানার টাটুয়াড়া গ্রামে বাড়ির পাশের একটি জলাশয়ে বাসন ধোয়ার সময় বজ্রাঘাতে জখম হন দুর্গমনি কুমার। তাঁকে দ্রুত কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, মঙ্গলবারও জেলার একাধিক এলাকায় বজ্রপাতের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন অন্তত আট জন। পরপর দু’দিনে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে জেলায়।