নিজস্ব প্রতিনিধি, ঝালদা
দলত্যাগের হিড়িক ঝালদা পুরসভায়।
চরম অস্বস্তির মুখে শহর তৃণমূল কংগ্রেস। এবার দল ছাড়ার ঘোষণা করলেন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রিজুয়ানা খাতুন। একের পর এক শীর্ষ নেতৃত্ব ও কাউন্সিলারের দলত্যাগে ক্রমশ চড়ছে পুরুলিয়ার ঝালদায় দিশেহারা তৃণমূল সমর্থকেরা।
শনিবার দলীয় নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের ইস্তফাপত্র জমা দেন রিজুয়ানা খাতুন। দল ছাড়ার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথাই উল্লেখ করেছেন। তাঁর দাবি, পারিবারিক বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে সংগঠনের কাজে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না, তাই তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা বলা হলেও, পরপর কয়েকদিনে একাধিক কাউন্সিলারের দলত্যাগ ঘিরে জল্পনা থামছে না। তৃণমূলের অন্দরে ও এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর রাজনৈতিক টানাপোড়েন।
কয়েকদিন আগেই ইস্তফা দেন পুরপ্রধান সুরেশ আগরওয়াল এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জবা মাছুয়ার। সেই ধাক্কা সামলে ওঠার আগেই গত বুধবার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজয় কাঁন্দু তৃণমূল ত্যাগের কথা জানান। পরিস্থিতি আরও জটিল করে গত শুক্রবার পদত্যাগ করেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদীপ কর্মকার।
সুদীপ কর্মকারের দলত্যাগের মাত্র ২৪ ঘণ্টা কাটার আগেই রিজুয়ানা খাতুনের এই ইস্তফার সিদ্ধান্ত যেন ঘাসফুল শিবিরের জন্য বড়সড় ধাক্কা। মাত্র কয়েকদিনের ব্যবধানে পর পর কাউন্সিলারের জোড়া-ফুল শিবির ত্যাগ করায় স্পষ্টতই জোর ধাক্কা লেগেছে রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দলে।