ক্রাইম শহর

পুরুলিয়া স্টেশনে প্রায় চার লাখ টাকার চোরাই মোবাইল-সহ ধৃত ২ মহিলা

ট্রেনে যাত্রীদের মোবাইল চুরির চক্রের হদিশ মিলল পুরুলিয়া স্টেশনে। আরপিএফ ও জিআরপিএসের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ৩ লক্ষ ৭৬ হাজার টাকা মূল্যের ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। ধৃতদের বাড়ি পুরুলিয়ার বলরামপুর থানার পাঁড়কিডি ও চুটকিডি গ্রামে।
পুরুলিয়া স্টেশনে প্রায় চার লাখ টাকার চোরাই মোবাইল-সহ ধৃত ২ মহিলা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ট্রেনে যাত্রীদের মোবাইল চুরির চক্রের হদিশ মিলল পুরুলিয়া স্টেশনে। আরপিএফ ও জিআরপিএসের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ৩ লক্ষ ৭৬ হাজার টাকা মূল্যের ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। ধৃতদের বাড়ি পুরুলিয়ার বলরামপুর থানার পাঁড়কিডি ও চুটকিডি গ্রামে।

রেল সূত্রের খবর, সোমবার বিকেলে ১২৮০২ পুরুষোত্তম এক্সপ্রেস পুরুলিয়া স্টেশনে পৌঁছানোর আগেই আরপিএফের কাছে একটি নির্দিষ্ট সূত্রে গোপন তথ্য আসে। সেই সূত্র ধরেই আদ্রা ডিভিশনের আরপিএফ এবং পুরুলিয়া জিআরপিএসের একটি যৌথ দল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি শুরু করে।

ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার পর দুই মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। অভিযোগ, তাঁদের কাছ থেকে উদ্ধার হয় সিম কার্ডবিহীন বিভিন্ন সংস্থার ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। উদ্ধার হওয়া ফোনগুলির বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৭৬ হাজার টাকা বলে রেল পুলিশের দাবি। উদ্ধার হওয়া মোবাইলগুলির বৈধ মালিকানার কোনও নথি দেখাতে পারেনি ধৃতেরা। সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেনি বলে তদন্তকারীদের দাবি। এরপরই তাদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হলো বছর উনত্রিশের রামকালী দেবী সিং এবং চল্লিশ ছুঁই ছুঁই রাপ্তী দেবী সিং। রেল পুলিশের দাবি, উদ্ধার হওয়া মোবাইলগুলি চুরি যাওয়া বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করার চেষ্টা চলছে। কী ভাবে এতগুলি মোবাইল তাঁদের কাছে এল, এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরপিএফ পুরুলিয়ার ইনচার্জ সঞ্জয় তিওয়ারীর তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন আরপিএফ ও জিআরপিএসের একাধিক আধিকারিক ও কর্মী। পুরুলিয়া জিআরপিএসে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।