ক্রাইম স্বাস্থ্য ব্লক

লাইসেন্স ফুরানো ২ নার্সিংহোমে তালা, কোটশিলায় চাঞ্চল্য

মেয়াদ ফুরিয়েছে লাইসেন্সের, অথচ চলছিল বেসরকারি নার্সিংহোম। এমন অভিযোগে একযোগে পুরুলিয়ার কোটশিলা থানা এলাকায় দুটি নার্সিংহোমে তালা ঝোলালো স্বাস্থ্য দপ্তর ও পুলিশ।
লাইসেন্স ফুরানো ২ নার্সিংহোমে তালা, কোটশিলায় চাঞ্চল্য

 

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

মেয়াদ ফুরিয়েছে লাইসেন্সের, অথচ চলছিল বেসরকারি নার্সিংহোম। এমন অভিযোগে একযোগে পুরুলিয়ার কোটশিলা থানা এলাকায় দুটি নার্সিংহোমে তালা ঝোলালো স্বাস্থ্য দপ্তর ও পুলিশ। প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপে ওই অঞ্চলের বেসরকারি চিকিৎসা পরিষেবা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

অভিযান চালানো হয় কোটশিলা থানার দঙ্গল এলাকার শ্রী সাধু চৌধুরী সেবা সদন অ্যান্ড নার্সিংহোম এবং টালি সেন্টারের জীবন সুরক্ষা নার্সিংহোমে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কোটশিলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে পৌঁছান আধিকারিকরা। সর্বসমক্ষে দুটি প্রতিষ্ঠানই সিল করে দেওয়া হয়।
লাইসেন্স নবীকরণ না হওয়া পর্যন্ত এই দুই কেন্দ্রে কোনোভাবেই নতুন রোগী ভর্তি বা কোনো প্রকার চিকিৎসা চালানো যাবে না।

সাধু চৌধুরী সেবা সদন অ্যান্ড নার্সিংহোম কর্ণধার বিজয়ী কুমার ও জীবন সুরক্ষা নার্সিংহোমের কর্ণধার শ্যামসুন্দর বন্দ্যোপাধ্যায় বলেন, "লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কারণেই নার্সিংহোম দুটি সিল করা হয়েছে। তবে আমরা আগেই লাইসেন্স নবীকরণের (Renew) জন্য আবেদন জানিয়ে রেখেছি। আশা করছি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে।"

অন্যদিকে, অভিযান প্রসঙ্গে ঝালদা-২ নম্বর ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুপ্রতীক কুমার মাহাত (কোটশিলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধি) বলেন, "স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনেই এই পদক্ষেপ। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও প্রতিষ্ঠান চালানো নিয়মবিরুদ্ধ। এখন সিল করে দেওয়া হয়েছে, পরবর্তীতে লাইসেন্স নবীকরণ হলে প্রশাসনিক নিয়ম মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

আইনি বাধ্যবাধকতায় আপাতত চিকিৎসা বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে  লাইসেন্সহীন স্বাস্থ্যকেন্দ্র বন্ধে প্রশাসনের এমন কড়া অবস্থানকে ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।