ক্রাইম শহর

পুরুলিয়া স্টেশনে বোতল বোতল মদ ধৃত ২, উদ্ধার ৪৫ হাজার টাকার মদ-বিয়ার

▪️বাংলা থেকে বিহারে মদ পাচারের ছক? ▪️নিষিদ্ধ মদের কারবারের অভিযোগে দুই যুবককে জিআরপির হাতে তুলে দিল আরপিএফ
পুরুলিয়া স্টেশনে বোতল বোতল মদ ধৃত ২, উদ্ধার ৪৫ হাজার টাকার মদ-বিয়ার

 

 

 

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মদ পাচার রুখতে সাফল্য রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ)। পুরুলিয়া রেল স্টেশনে যৌথ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার-সহ দুই ব্যক্তিকে আটক করলেন আরপিএফ এবং জিআরপি আধিকারিকেরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫২ বোতল হুইস্কি এবং ৩৪ ক্যান বিয়ার। উদ্ধার হওয়া মদ ও বিয়ারের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩৪০ টাকা। সোমবার ‘অপারেশন সতর্ক’- দেখলো সাফল্যের মুখ।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেল সাড়ে ৩টে থেকে পুরুলিয়া স্টেশনে যৌথ তল্লাশি শুরু হয়। বিকেল পৌনে ৪টে নাগাদ ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের কাছে লিফটের পাশে দু’জনকে সন্দেহজনক ভাবে দু’টি পিঠ ব্যাগ এবং দু’টি নীল রঙের কাপড়ের ঝোলা নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটারের ৫২ বোতল হুইস্কি এবং হেওয়ার্ডস ৫০০০ ব্র্যান্ডের ৫০০ মিলিলিটারের ৩৪ ক্যান বিয়ার।

ধৃতদের নাম সোনু কুমার (৪০) এবং পিন্টু কুমার (২৬)। দু’জনেই বিহারের পাটনা জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে ধৃতেরা জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে মদ কিনে বিহারে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতেন তারা। বিহারে মদ নিষিদ্ধ থাকায় সেখানে এই কারবার থেকে মুনাফার সুযোগ প্রচুর।

আরপিএফের এসআই অজিত কুমারের নেতৃত্বে অভিযানে ছিলেন এএসআই বাবলু কুমার, হেড কনস্টেবল সালামত শাহ, কনস্টেবল বি.এন. রাও-সহ অন্য কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন পুরুলিয়া জিআরপির আধিকারিকেরাও।