ক্রাইম

চার দিনে ৪৬ গ্রেফতার, পুরুলিয়ায় হাজার লিটারেরও বেশি বেআইনি মদ নষ্ট, বাজেয়াপ্ত তৈরির সরঞ্জামও

চার দিনে ৪৬ জন গ্রেফতার। দায়ের ৪৬টি মামলা। নষ্ট করা হয়েছে হাজার লিটারেরও বেশি চোলাই মদ। সেই সঙ্গে চোলাই তৈরির ২৭ হাজার ৭৫০ লিটার তরল উপকরণও। পুরুলিয়া জুড়ে পুলিশ ও আবগারি দফতরের টানা অভিযানের চতুর্থ দিন শেষে মিলল তথ্য।
চার দিনে ৪৬ গ্রেফতার, পুরুলিয়ায় হাজার লিটারেরও বেশি বেআইনি মদ নষ্ট, বাজেয়াপ্ত তৈরির সরঞ্জামও

 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

চার দিনে ৪৬ জন গ্রেফতার। দায়ের ৪৬টি মামলা। নষ্ট করা হয়েছে হাজার লিটারেরও বেশি চোলাই মদ। সেই সঙ্গে চোলাই তৈরির ২৭ হাজার ৭৫০ লিটার তরল উপকরণও।  পুরুলিয়া জুড়ে পুলিশ ও আবগারি দফতরের টানা অভিযানের চতুর্থ দিন শেষে মিলল তথ্য।

বেআইনি মদের উৎপাদন ও বিক্রি বন্ধ করতে গত ২৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ ও আবগারি দফতর। প্রশাসন সূত্রে খবর, চার দিনের অভিযানে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হয়েছে ৪৬টি মামলা। বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়েছে এক হাজার লিটারেরও বেশি চোলাই। পাশাপাশি মদ তৈরির কাজে ব্যবহৃত ২৭ হাজার ৭৫০ লিটার তরল উপকরণ নষ্ট করা হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২৫ নভেম্বর অভিযানের প্রথম দিনেই এক হাজার লিটারেরও বেশি চোলাই বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়। তার মধ্যে ১০০ লিটারের বেশি মদ বাজেয়াপ্ত হয়েছিল। ওই দিনই ৪২৪০ লিটার তরল উপকরণ নষ্ট করা হয়। দায়ের হয় ১৩টি মামলা। গ্রেফতার করা হয় ১৩ জনকে।

শনিবার কোটশিলা ও আড়শা থানা এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ ও আবগারি দফতর। কোটশিলা থানার গুররাবেড়া, বরুয়াকোচা ও নলকুপিতে অভিযান চালিয়ে ১০ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়। নষ্ট করা হয় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ। অন্য দিকে, আড়শা থানার কাঁটাডি, গোবিন্দপুর, পিঠাতি ও রাধানগরে অভিযান চালিয়ে ৫০ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত এবং ১০০০ লিটার উপকরণ নষ্ট করা হয়। বাজেয়াপ্ত করা হয় ছ'টি অ্যালুমিনিয়ামের হাঁড়িও।

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে পুলিশ ও আবগারি দফতরের তরফে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। কিন্তু শুধু ভাটি থেকে মদ ও উপকরণ বাজেয়াপ্ত কিংবা কারবারিদের গ্রেফতার করে এই অবৈধ কারবারে রাশ টানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।