ক্রাইম ব্লক

সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট, আড়শায় ধৃত ১, বরাবাজারে অভিযুক্ত ফেরার

মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এবার আড়শা থানার পুলিশের হাতে ধৃত এক প্রৌঢ়। পাশাপাশি বরাবাজার এলাকাতেও একই ধরনের ঘটনায় এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট, আড়শায় ধৃত ১, বরাবাজারে অভিযুক্ত ফেরার

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা ও বরাবাজার

সামাজিক মাধ্যমকে ব্যবহার করে কুৎসা ও বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে জেলা জুড়ে নজিরবিহীন পদক্ষেপ শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ। মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এবার আড়শা থানার  পুলিশের হাতে ধৃত এক প্রৌঢ়। পাশাপাশি বরাবাজার এলাকাতেও একই ধরনের ঘটনায় এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আড়শার বাসিন্দা মাজরেব আনসারী নামে এক প্রৌঢ় সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বিকৃত ও কুরুচিপূর্ণ ছবি ছড়িয়ে দেয়। ঘটনাটি চোখে পড়তেই স্থানীয় বাসিন্দা পার্থসারথি মাহাতো আড়শা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান।

অভিযোগ পাওয়া মাত্রই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে পুরুলিয়া সাইবার ও স্থানীয় পুলিশ বিভাগ। লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় ফৌজদারি মামলা দায়ের করে দ্রুত ওই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে একটি অ্যানড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়েছে, যা দিয়ে ছবিটি শেয়ার করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়।

অন্যদিকে, শুধুমাত্র আড়শাই নয়, একই দিনে বরাবাজার এলাকাতেও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে সেখানেও পুলিশ এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ব্যক্তি। তার খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বরাবাজার থানার পুলিশ।