সাধারণ খবর শহর

রেজিস্ট্রেশন বিহীন টোটোতে চড়লেই পড়বেন বিপদে! পুরুলিয়া শহরে বেআইনি ২৩ টি টোটো আটক, সতর্কতায় মাইকিং

বৃহস্পতিবার পুরুলিয়া শহর এলাকায় বৈধ রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছাড়া চলা টোটোর বিরুদ্ধে এক বিশেষ যৌথ প্রয়োগমূলক অভিযান চালায় পুরুলিয়া জেলা পুলিশ, আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ এবং পুরুলিয়া পুরসভা।
রেজিস্ট্রেশন বিহীন টোটোতে চড়লেই পড়বেন বিপদে! পুরুলিয়া শহরে বেআইনি ২৩ টি টোটো আটক, সতর্কতায় মাইকিং

 

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:  

শহর পুরুলিয়ার ট্রাফিক ব্যবস্থা সুসংহত করা এবং বেআইনি ই-রিকশার দাপট রুখতে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। বৃহস্পতিবার পুরুলিয়া শহর এলাকায় বৈধ রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছাড়া চলা টোটোর বিরুদ্ধে এক বিশেষ যৌথ প্রয়োগমূলক অভিযান চালায় পুরুলিয়া জেলা পুলিশ, আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ এবং পুরুলিয়া পুরসভা।

অভিযানের অংশ হিসাবে সকাল থেকেই পুরুলিয়া পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনায় জোর দেওয়া হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বৈধ নম্বর প্লেট কিংবা রেজিস্ট্রেশন ছাড়া কোনো ই-রিকশা সরকারি রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না। মোটর যানবাহন আইন  মেনে ই-রিকশার মালিক ও চালকদের দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচার অভিযানের পাশাপাশি শহরের ব্যস্ততম ভিক্টোরিয়া মোড়ে চলে জোরদার পুলিশি নজরদারি। এই যৌথ অভিযানে ছিলেন ডিএসপি (ট্রাফিক) অরিন্দম চক্রবর্তী, ট্রাফিক ইন্সপেক্টর অঞ্জনকুমার মাইতি, পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল, সদর ট্রাফিক গার্ডের ওসি, পুরুলিয়ার এআরটিও  এবং এমভিআই । ভিক্টোরিয়া মোড়ে তল্লাশি চলাকালীন বৈধ নম্বর প্লেট না থাকায় ২৩টি ই-রিকশা আটক করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গাড়িগুলিকে পুরুলিয়া টাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জেলা পুলিশ ও পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিয়ন্ত্রণে রাখা এবং পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ইতঃপূর্বে চালু হওয়া একমুখী  ট্রাফিক ব্যবস্থার মেয়াদ আরও প্রসারিত করা হলো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজটমুক্ত পুরুলিয়া গড়তে আগামী দিনেও বেআইনি টোটোর বিরুদ্ধে এই ধরনের কড়া পদক্ষেপ অব্যাহত থাকবে।