রাজনীতি ব্লক

দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রাজীবলোচন, তৃণমূলে জল্পনা শুরু

রাজনীতিতে কি আরও একধাপ পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাজীব লোচন সোরেন? সম্প্রতি জেলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপ ‘এআইটিসি প্রেস রিলিজ’ ত্যাগ করে তিনি সেই জল্পনাকেই উসকে দিলেন।
দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রাজীবলোচন, তৃণমূলে জল্পনা শুরু

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজনীতিতে কি আরও একধাপ পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাজীব লোচন সোরেন? সম্প্রতি জেলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপ ‘এআইটিসি প্রেস রিলিজ’ ত্যাগ করে তিনি সেই জল্পনাকেই উসকে দিলেন।

একদা জেলা তৃণমূলের মূল কাণ্ডারী ও শীর্ষ নেতৃত্বের অন্যতম বিশ্বস্ত মুখ হিসেবে পরিচিত ছিলেন রাজীব লোচন সোরেন। জেলা স্তরে দলীয় বার্তা পৌঁছানো থেকে শুরু করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ক্ষেত্রে এই বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপটি ছিল তাঁর অন্যতম প্রধান মাধ্যম। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তাঁকে আর রাজনৈতিক ময়দানে তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। এক প্রকার স্বেচ্ছায় নিজেকে রাজনীতির  থেকে দূরে রেখেছিলেন। পুনরায় যোগ দিয়েছেন নিজের পুরনো পেশা শিক্ষকতায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর এবার আনুষ্ঠানিকভাবে মিডিয়া সম্পর্কিত দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে, কেবল মূলস্রোতের রাজনীতিই নয়, সংবাদমাধ্যমের সাথেও আপাতত কোনো যোগাযোগ বা সম্পর্ক বজায় রাখতে তিনি আগ্রহী নন।

হঠাৎ কেন এই পদক্ষেপ? , বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই জেলা তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে বেশ কিছু রদবদল ঘটে। শীর্ষ পদের পরিবর্তনের সাথে সাথে রাজীব বাবুর দূরত্ব তৈরি হতে শুরু করে বর্তমান জেলা নেতৃত্বের সঙ্গে। গুঞ্জন উঠেছে, দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়া এবং নিজের প্রাসঙ্গিকতা হারানোর কারণেই কি তবে তিনি মিডিয়া গ্রুপ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন? নাকি এর নেপথ্যে রয়েছে দলত্যাগের কোনো ইঙ্গিত কিংবা নতুন কোনো রাজনৈতিক সমীকরণের সূচনা?