নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
পাহাড় আর জঙ্গল ঘেরা বাঘমুণ্ডিতে বেআইনি পোস্ত চাষের বাড়বাড়ন্ত রুখতে এবার কোমর বেঁধে মাঠে নামল প্রশাসন। আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এলাকাজুড়ে চলল পুলিশ ও বন দপ্তরের সাঁড়াশি অভিযান। শুধু পায়ে হেঁটে জঙ্গল মাপা নয়, দুর্গম এলাকাগুলিতে আকাশপথে নজরদারি চালাতে নামানো হলো আধুনিক ড্রোন।
রবিবার পুরুলিয়া জেলা পুলিশ ও বাঘমুণ্ডি রেঞ্জ ফরেস্ট অফিসের যৌথ দল বাঘমুণ্ডি থানার অন্তর্গত বেশ কয়েকটি সংবেদনশীল এলাকায় এই বিশেষ উদ্ধার ও পরিদর্শন অভিযান চালায়। অভিযানের মূল কেন্দ্রবিন্দু ছিল বুড়দা, বুকাডি, ইছাকোতু এবং পাড়াদারির মতো পাহাড়ি জঙ্গলসংলগ্ন গ্রামগুলি। মূলত, দুর্গম ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে কোথাও যাতে গোপনে পোস্তের বেআইনি চাষ শুরু না হতে পারে, তা নিশ্চিত করতেই এই আকাশ ও স্থলভাগের জোড়া নজরদারি।
অভিযান চলাকালীন যৌথ বাহিনীর আধিকারিকরা গ্রামের পর গ্রাম ঘুরে সরেজমিনে পরীক্ষা চালান। পাশাপাশি, যেখানে মানুষের পৌঁছানো কঠিন, সেখানে ওড়ানো হয় ড্রোন।
কোনো গোষ্ঠী যাতে বনাঞ্চল বা গ্রামের জমি ব্যবহার করে পোস্ত চাষ শুরু করতে না পারে, তার জন্য আগে থেকেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে যৌথ টিম। ভবিষ্যতেও বাঘমুণ্ডির সমস্ত স্পর্শকাতর এলাকায় এই ধরনের যৌথ ড্রোন নজরদারি অভিযান জারি থাকবে।